ডোপিংয়ের দায়ে শাস্তি পেলেন পাকিস্তানি অলরাউন্ডার
মোহাম্মদ নাওয়াজ
নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ডোপ পরীক্ষায় পজিটিভ আসে তার। যে কারণে আইসিসির মাদকবিরোধী আইন অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে যাওয়ায় মাঠে ফিরতে এখন তার আর কোনো বাধা নেই।
চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ছিল। সেই ম্যাচ শেষে মোহাম্মদ নাওয়াজের ডোপ পরীক্ষা করা হয়। যে পরীক্ষায় তার শরীরে ‘কার্বক্সি-টিএইচসি’ শনাক্ত হয়, যা আইসিসির ডোপবিরোধী বিধিমালায় নিষিদ্ধ পদার্থ হিসেবে তালিকাভুক্ত আছে।
তবে নিজের বিরুদ্ধে অভিযোগটি স্বীকার করেছেন ৩২ বছর বয়সী নাওয়াজ। একই সঙ্গে তিনি আইসিসির কাছে এমন তথ্য ও নথি জমা দিয়েছেন, যা থেকে বোঝা যায় টুর্নামেন্ট চলাকালে তিনি ওই নিষিদ্ধ মাদক গ্রহণ করেননি। তার দাবি, এটি কোনোভাবেই পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়নি।
আইসিসির ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী এ ধরনের অপরাধে সাধারণত তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে। তবে আইসিসি অনুমোদিত মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তার শাস্তি কমিয়ে এক মাস করা হয়েছে।
গত ১ মে থেকে নাওয়াজ স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন, আর সেই দিন থেকেই শাস্তির মেয়াদ গণনা শুরু হয়। ইতোমধ্যে তিনি আড়াই মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে কাটিয়েছেন। ফলে নিষেধাজ্ঞার নির্ধারিত সময় শেষ হওয়ায় এখন তার ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে পুনর্বাসন কর্মসূচিটি সম্পূর্ণ করা তার জন্য বাধ্যতামূলক। সেটি সফলভাবে শেষ করতে পারলে এ ঘটনায় নতুন করে আর কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না।
এদিকে আইসিসি জানিয়েছে, ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ পর্যন্ত নেওয়াজের সব ব্যক্তিগত পরিসংখ্যান— রান, উইকেট ও অন্যান্য পারফরম্যান্স বাতিল বলে গণ্য হবে।