‘৮০ শতাংশ রোগই হয় অস্বাস্থ্যকর খ্যাদ্যাভ্যাস থেকে’

‘৮০ শতাংশ রোগই হয় অস্বাস্থ্যকর খ্যাদ্যাভ্যাস থেকে’

সংগৃহীত ছবি

বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডটঝঞ) এর ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক বলেছেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও ঘুমের অভাবই দীর্ঘমেয়াদি রোগের বড় কারণ। মানুষের শরীরের ৮০ শতাংশ রোগই হয় এই অস্বাস্থ্যকর খ্যাদ্যাভ্যাস থেকে। তাই কেবল ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব।

শনিবার নগরীর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামে আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, স্থূলতা ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এসব রোগের পেছনে বংশগত কারণের পাশাপাশি অতিপ্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রোগকে শুধু একটি উপসর্গ বা একটি অঙ্গের সমস্যা হিসেবে দেখলে কার্যকর সমাধান পাওয়া কঠিন। রোগের পেছনে থাকা খাদ্যাভ্যাস, বিপাকীয় সমস্যা, দীর্ঘস্থায়ী প্রদাহ, অন্ত্রের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং জীবনযাপনের ভুল অভ্যাসগুলো চিহ্নিত করা জরুরি।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে প্রায় ২ কোটি মানুষের বসবাস। সেই তুলনায় সরকারি ও বেসরকারি মিলিয়ে হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় ১০ হাজার। তাই কেবল চিকিৎসাসেবা বাড়ালেই হবে না, রোগ প্রতিরোধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। অন্যদিকে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে সংক্রামক রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ অসংক্রামক রোগ- যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। এ ধরনের রোগের একটি বড় অংশ সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।