গাজীপুরের ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজ উদ্বোধন
সংগৃহীত ছবি
গাজীপুরে বহুল প্রতীক্ষিত ইছালী থেকে পূবাইল কলেজগেট সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন, ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।
গাজীপুরের পূবাইল কলেজগেট থেকে জেলা শহরে প্রবেশের অন্যতম এ সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের। খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী এ গুরুত্বপূর্ণ সড়কে বর্ষার কাদা আর শুকনো মৌসুমের ধুলাবালিতে নাকাল ছিলেন এলাকাবাসী।