'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার'

'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার'

সংগৃহীত ছবি

ব্যাট-বলের লড়াই শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এটি হতে পারে মাদকবিরোধী সামাজিক আন্দোলনেরও শক্তিশালী হাতিয়ার, এমন বার্তাই উঠে এসেছে সোনারগাঁয়ে “সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি বলেন, তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে যত বেশি তরুণদের উপস্থিতি বাড়বে, সমাজ থেকে মাদকের বিস্তার ততই কমবে।

তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং তরুণদের ইতিবাচক চিন্তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নতুন আইনে মাদকসহ গ্রেপ্তার হলে জামিনের সুযোগ থাকবে না, এমনকি গুরুতর অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধানও রয়েছে। তিনি সবাইকে মাদক ও অপরাধ থেকে সরে এসে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের আসরে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁ পৌরসভা সূর্য সৈনিক একাদশের মুখোমুখি হয় শরীয়তপুর সুপার এলিভেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এমন আয়োজন শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেটই নয়, তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে।