দিনাজপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

বাজারে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় তছলিম উদ্দিন নামে এক মাদরাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি-বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহত তছলিম উদ্দিন (১২) চিরিরবন্দরের বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে ও আব্দুলপুর বানিযুগী মাদরাসার হেফজ শাখার ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, তছলিম উদ্দিন বাড়ির পাশে সূখীপীর বাজারে ওষুধ কিনে বাড়িতে ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে চট্টগ্রাম থেকে বিন্যাকুড়ি বাজারের দিকে যাওয়া ট্রাকের হর্ণ শুনে রাস্তার পাশে দাঁড়ায় সে। ট্রাকের চালক ডান দিকে বাঁশের কারণে বাম দিকে ট্রাক চাপিয়ে দিলে শিশুটি ট্রাক চাপায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সুরতহাল করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।