কৃষিজমিতে পুকুর খনন করে মাটি বিক্রি, জমির মালিককে জরিমানা
ফাইল ছবি
নাটোরের সিংড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে তাছের উদ্দিন (৭২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
জরিমানাপ্রাপ্ত তাছের উদ্দিন খেজুরতলা গ্রামের মৃত জয়নাল হাজীর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খেজুরতলা এলাকায় আবাদি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল।
খননকৃত মাটি পাশের একটি ইটভাটায় গোপনে বিক্রি করা হচ্ছিল বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও জানান, চলনবিল অঞ্চলের কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।