মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি বেকারি কারখানার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় পরিচালিত মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ‘বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’তে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। কারখানার ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে।

কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা নেই। এছাড়া কেকের নিচে স্বাস্থ্যসম্মত সাদা কাগজের পরিবর্তে ব্যবহৃত পুরোনো খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের দায়ে কারখানাটির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।