বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার পরিস্থিতি কী?

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার পরিস্থিতি কী?

ফাইল ছবি

বায়ুমানের সূচকে প্রতিদিনই বদলাচ্ছে বিভিন্ন শহরের অবস্থান। বৃষ্টির কারণে কোথাও কোথাও বায়ুমানের সাময়িক উন্নতি হলেও দূষণের প্রভাব পুরোপুরি কাটছে না। এ অবস্থায় কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ুর মান রয়েছে মাঝারি পর্যায়ে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকার স্কোর ৭৪। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৩১তম।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া, ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের স্কোর ১৩৩। 

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন।

তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। 

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।