কুয়েতে মার্কিন স্থাপনায় পালটা হামলা ইরানের

কুয়েতে মার্কিন স্থাপনায় পালটা হামলা ইরানের

সংগৃহীত ছবি

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করে।  খবর আল জাজিরার

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন হামলায় একটি আগাম সতর্কীকরণ (আর্লি ওয়ার্নিং) রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।

এ ছাড়া পৃথক হামলায় বিমানচালনা–সংক্রান্ত সরঞ্জামের একটি গুদাম এবং মার্কিন এমকিউ-৯ ড্রোন রাখা একটি হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে। এতে কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে যায় বলে আইআরজিসি দাবি করেছে।

স্বাধীনভাবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়।

 তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। 

একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালাতে প্রস্তুত।