বর্ষাকালে আসবাবপত্র ভালো রাখার সহজ উপায়

বর্ষাকালে আসবাবপত্র ভালো রাখার সহজ উপায়

ফাইল ছবি

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঘরের কাঠের আসবাবপত্রে স্যাঁতস্যাঁতে ভাব ও ভ্যাপসা গন্ধের সমস্যা দেখা দেয়। বিশেষ করে আলমারি, টেবিল, সোফা ও কুশনের মতো আসবাবপত্রে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর কারণে দুর্গন্ধ তৈরি হয়। তবে কয়েকটি সহজ পরিচর্যার মাধ্যমে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, কাঠ, কাপড় ও ফোমজাতীয় আসবাবপত্র সহজেই বাতাসের আর্দ্রতা শোষণ করে। ঘরে পর্যাপ্ত আলো-বাতাস না থাকলে সেই আর্দ্রতা থেকে ছত্রাক জন্মায়, যা ধীরে ধীরে আসবাবের ক্ষতি করে এবং পুরো ঘরে ভ্যাপসা গন্ধ ছড়িয়ে দেয়।

এ সমস্যা এড়াতে ছোট আসবাবপত্র এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করে। নিয়মিত নরম কাপড় বা নরম ব্রাশ দিয়ে আসবাবের গায়ে জমে থাকা ধুলো ও ছত্রাক আলতোভাবে পরিষ্কার করুন। যেসব স্থানে ছত্রাক বা পোকার আক্রমণ দেখা যায়, সেখানে কাঠের জন্য নির্ধারিত ক্লিনার বা হালকা সাবান-পানি ব্যবহার করা যেতে পারে। তবে পরিষ্কারের পর অবশ্যই আসবাব ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

সোফা, কুশন বা ফোমযুক্ত আসবাব পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এগুলোতে সরাসরি পানি ব্যবহার না করাই ভালো, কারণ এতে কাপড়, ফোম ও কাঠের ফিনিশিং নষ্ট হতে পারে।

বর্ষাকালে প্রতিদিন অন্তত এক ঘণ্টা আলমারির দরজা ও ড্রয়ার খুলে রেখে ফ্যান বা এসি চালালে ভেতরে বাতাস চলাচল বাড়ে এবং আর্দ্রতা কমে। এছাড়া কাঠের আসবাব সরাসরি স্যাঁতস্যাঁতে টাইলস বা মার্বেলের মেঝেতে না রেখে নিচে রাবারের ক্যাপ বা ফেল্ট প্যাড ব্যবহার করলে আর্দ্রতা শোষণের ঝুঁকি কমে।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, ভিজে কাপড় দিয়ে কাঠের আসবাব মুছবেন না। এর পরিবর্তে শুকনো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। নিয়মিত এসব যত্ন নিলে বর্ষাকালেও আসবাবপত্র থাকবে পরিষ্কার, দুর্গন্ধমুক্ত এবং দীর্ঘদিন টেকসই।