কাপ্তাই হ্রদে নিখোঁজ উপজেলা বিএনপি নেতার মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজের আড়াই দিন পর উপজেলা বিএনপির নেতা মো. মাসুদের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
মাসুদ কাপ্তাই উপজেলা ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ীও ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার ছিল রাঙামাটি বিলাইছড়ি উপজেলায় হাটের দিন। সেজন্য কাপ্তাই থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যাবসা করার জন্য বিলাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকায় যান। সারা দিন ব্যাবসার কাজ শেষ করে নিজে ট্রলার চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার ট্রলারটি কাপ্তাই গর্জনটিলা এলাকায় পৌঁছালে হ্রদের প্রবল স্রোতে পানিতে পড়ে যান মাসুদ।
পরে তার ট্রলারটি মাঝ নদীতে মানুষ ছাড়াই পণ্যসহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
তারা ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেন। রাত গভীর হওয়ায় পরের দিন উদ্ধার কাজে নামে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল। টানা দুই দিন কাপ্তাই হ্রদে তল্লাশি চালিয়ে অবশেষে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, টানা আড়াই দিন মরদেহ উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা যথেষ্ট পরিশ্রম করেছেন।
রাঙামাটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।