অন্ধ্রপ্রদেশে ৮০ বছরের মাকে নিয়ে খালে ঝাঁপ দিলেন নারী

অন্ধ্রপ্রদেশে ৮০ বছরের মাকে নিয়ে খালে ঝাঁপ দিলেন নারী

ছবিঃ সংগৃহীত।

নিজের মৃত্যুর পর অসুস্থ মায়ের দেখাশোনা কে করবে—এমন উদ্বেগে ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৫৬ বছরের এক নারী।হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ড. বি আর আম্বেদকর কোণসীমা জেলায়।

ভয়াবহ ঘটনাটি ঘটে রাভুলাপালম মণ্ডলের একটি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম মিসালা সূর্যবতী (৫৬) এবং তার মায়ের নাম ভাদাপাল্লি বুররাম্মা (৮০)। গত রোববার (১৯ জুলাই) সকালে গির্জায় যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন।

কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেননি। পরে তদন্তকারীরা মুক্তেশ্বরম প্রধান খালের ওপর একটি সেতুতে তাদের ব্যবহৃত বাইবেল ও ব্যক্তিগত জিনিসপত্র দেখতে পান। সেখান থেকেই সন্দেহ হয় যে দুজন খালে ঝাঁপ দিয়েছেন।

উদ্ধারকর্মীরা পরে সূর্যবতীর মরদেহ খাল থেকে উদ্ধার করেন। তবে তার বৃদ্ধা মা বুররাম্মাকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সূর্যবতীর জীবনটা ছিল চরম দুঃখজনক। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে মা তার সঙ্গেই থাকতেন। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন মা বুররাম্মা। তার চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছিল। সূর্যবতী নিজেও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বড় ছেলে মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন সূর্যবতী। ছোট ছেলে ও মেয়ে বিবাহিত হলেও নিজের অসুস্থতার দিনে মায়ের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন সূর্যবতী।

স্বজনরা জানান, সূর্যবতী প্রায়ই মায়ের চিন্তায় ব্যাকুল হয়ে উঠতেন। তিনি বলতেন, ‘আমি যদি মরে যাই, তবে আমার এই অন্ধ মাকে কে দেখবে? আমি তাকে অনাথ রেখে যেতে চাই না।’

স্বজনদের দাবি, মাকে একা ফেলে না যেতে তিনি আগেও একসঙ্গে জীবন শেষ করার কথা বলেছিলেন।

উদ্ধার হওয়া সূর্যবতীর মরদেহ ময়নাতদন্তের জন্য কোথাপেটার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, স্বজনদের বক্তব্য নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও চূড়ান্ত তথ্য পাওয়ার পর ঘটনার মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।