ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গাঁজাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গাঁজাসহ নারী আটক

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ৫০ লাখ ৮৩ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, নোনা ইলিশ, ফুসকা, বাঁজি, বাটাল, কাচির আর্চারী, অরিও বিস্কুট, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, স্কিন ক্রিম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়া চন্ডিদার বিওপির টহলদল ৬ কেজি ভারতীয় গাঁজা, ২৩ কেজি বাংলাদেশী চাল ও একটি মোবাইল ফোনসহ মোছা. মারুফা বেগম (৩৯) নামে এক নারীকে আটক করে। তিনি কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের বাসিন্দা।আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।