নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
সংগৃহীত ছবি
বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ এবং বিদ্যমান ব্যবস্থা বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কিল্লারপুল কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের আগাম নোটিশ, গণশুনানি বা জনমত যাচাই ছাড়াই গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। আধুনিকায়নের নামে এ ব্যবস্থা চালু করে সাধারণ গ্রাহকদের কারিগরি জটিলতা, ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক চাপের মুখে ফেলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, নারায়ণগঞ্জের সচেতন বিদ্যুৎ গ্রাহকেরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও এ ব্যবস্থা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি দেন।
কর্মসূচিতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চাষাঢ়া পঞ্চায়েতের সহসভাপতি নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অল রশিদ নিক্সনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।