ছাতকে অবৈধ বালু উত্তোলনের ২ ড্রেজার মেশিন জব্দ, আটক ২

ছাতকে অবৈধ বালু উত্তোলনের ২ ড্রেজার মেশিন জব্দ, আটক ২

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে নৌ পুলিশ। এসময় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের দারুগাখালী গ্রামের ফজর আলীর বাড়ির পাশের ইছামতী নদীর তীরে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে।

 

আটকরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে খালেক (২৭) ও একই গ্রামের মো. জয়েদ আলীর ছেলে সুজন (২৫)। 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কাজীরগাঁও-সোনাপুর (কলাবাগান) এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীতীর, পরিবেশ ও ভূপ্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে।

 

অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

 

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, সরকারি অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পরিবেশ ও নদীর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নৌ পুলিশ জানিয়েছে।