রাষ্ট্রের উচিত তরুণদের কথা শোনা: রাজকুমার রাও
ছবি: ফাইল ফটো
গেল সোমবার ‘লং মার্চ টু পার্লামেন্ট’ পদযাত্রা ঠেকাতে পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে দেশটির শোবিজ অঙ্গন। এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পুলিশের সহিংসতার প্রতিবাদ জানালেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।
সামাজিক মাধ্যমে এক পোস্টে রাজকুমার লেখেন, ‘তরুণরা যখন নিজেদের অবহেলিত মনে করে, তখন সমাজ ও রাষ্ট্রের উচিত তাদের কথা শোনা। প্রতিটি কণ্ঠস্বরের সম্মান, ন্যায্যতা ও মর্যাদার সঙ্গে শোনার অধিকার রয়েছে। তবে মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উপায়ে কথা বলা আমাদের আসল শক্তি। সহিংসতা কেবল কষ্ট বাড়ায়, যেকোনো সঠিক সমাধান থেকে আমাদের দূরে সরিয়ে দেয়।’
তিনি জানান, এখন সংঘাত না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার সময়। শিক্ষার্থীদের যেমন দায়িত্বশীল হয়ে নিজেদের কথা বলতে হবে, তেমনি সরকারের উচিত উদার মনে তা শোনা। কারণ, মারামারি করে স্থায়ী সমাধান আসে না, সমাধান আসে কথা বললে। তিনি আরও বলেন, ‘আমরা সবাই দেশের উন্নতি চাই। উন্নতির মূল ভিত্তি হলো সবার জন্য সঠিক শিক্ষা।’
এদিকে পরিচালক সুজিত সরকার দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রতিবাদ করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। তবে তা নিয়মের ভেতরে থেকে করা উচিত। বিরোধিতা অবশ্যই করবে, কিন্তু সীমানা মেনে।’
চলমান আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলিউড। অনেক তারকা আন্দোলনের পক্ষে দাঁড়ালেও বড় একটি অংশ এখনও নীরব, যা নিয়ে অনুরাগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।