স্পেনকে বিশ্বকাপ জেতানো তোরেসের ম্যুরাল একদিনেই হাওয়া!

স্পেনকে বিশ্বকাপ জেতানো তোরেসের ম্যুরাল একদিনেই হাওয়া!

ছবি: ফাইল ফটো

ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানো ফুটবল তারকা ফেরান তোরেসকে উৎসর্গ করে বার্সেলোনায় আঁকা হয়েছিল একটি দৃষ্টিনন্দন দেওয়ালচিত্র। কিন্তু একদিন যেতে না যেতেই তা সাদা রঙ দিয়ে ঢেকে বিকৃত করেছে দুর্বৃত্তরা।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ঐতিহাসিক জয়সূচক গোলটি করেন তোরেস। দেওয়ালচিত্রে তাকে স্পেনের জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে দেখা গিয়েছিল।

বার্সেলোনার ঐতিহ্যবাহী গ্রাসিয়া এলাকার এসকোরিয়াল স্ট্রিটে খ্যাতনামা স্ট্রিট-আর্টিস্ট ‘টিভি বয়’ এই মুরালটি তৈরি করেছিলেন।

এমনটা হওয়ার নেপথ্যে একাধিক রাজনৈতিক ও সামাজিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। মাদ্রিদের জয়ের উদযাপন প্যারেডে তোরেস একটি লাল রঙের ক্যাপ পরেছিলেন, যাতে ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত স্লোগানের আদলে লেখা ছিল ‘মেক স্পেন গ্রেট এগেইন।’

ক্যাটালান অঞ্চলে তোরেসের এই পদক্ষেপকে ডানপন্থী রাজনৈতিক বার্তা হিসেবে দেখে তীব্র সমালোচনা করা হয়।

বার্সেলোনায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। মাত্র কয়েক দিন আগেই লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের একটি যৌথ ম্যুরালও একইভাবে বিকৃত করা হয়েছিল। এছাড়া স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াও উদযাপন মঞ্চে আর্জেন্টাইন গান গেয়ে নতুন করে ট্রোল ও বিতর্কের জন্ম দিয়েছেন।