কলকাতা বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিলল ৭০৭টি জীবিত কচ্ছপ
ছবিঃ সংগৃহীত।
ভারতের কলকাতা বিমানবন্দরে সবে মাত্র নেমেছে বিমান। ব্যাংকক থেকে আসা সেই ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরে বসেছিলেন একজন যাত্রী।আর তার লাগেজ দেখেই সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের। তারপরই শুরু হয় তল্লাশি।
তখনই কার্যত চোখ কপালে ওঠার অবস্থা হয় কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের ‘এয়ার ইন্টেলিজেন্স’ দফতরের কর্মকর্তাদের। ওই যাত্রীর ব্যাগ খুললেই দেখা মেলে ৭০৭টি জীবিত কচ্ছপের।
ভারতীয় সংবাদ মাধ্যম টিভি ৯-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। সেখানেই ছিলেন ওই যাত্রী।
গ্রিন চ্যানেল পার করার সময় তার লাগেজের ভেতর থেকে নড়াচড়ার শব্দ মেলে। সন্দেহ হয় তখনই।
এরপরই কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স কর্মকর্তারা ওই যাত্রী লাগেজ তল্লাশি শুরু করেন। তখনই ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার হয়।
এই কচ্ছপগুলো ‘রেড ইয়াড স্লাইডার’ প্রজাতির।
বন্যপ্রাণী প্রচারের অভিযোগে ওই যাত্রীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। এই জীবিত কচ্ছপ কোথা থেকে এনেছে এবং কোথায় বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল— সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে শুল্ক দফতরের কর্মকর্তারা।