১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
প্রতীকী ছবি।
পটুয়াখালীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পটুয়াখালীর কলাপাড়ায় অভিযুক্ত বৃদ্ধ নূর মোহাম্মদ হাওলাদারকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ।
নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) এর নামের শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে, ওই দিনই সন্ধ্যার পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজন আসতে দেখে তিনি পালিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে বুধবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামী নুর মোহাম্মদকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।