ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’
ছবি: সংগৃহীত
বিয়ের আয়োজনকে আরও আড়ম্বরপূর্ণ, আধুনিক ও পরিকল্পিত করে তুলতে প্রথমবারের মতো ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর সহযোগিতায় হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। বিয়ের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সেবা ও সমাধান এক ছাদের নিচে পাওয়া যাবে এই আয়োজনে। স্বপ্নের বিয়ে বাস্তবায়নে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে একটি সমন্বিত প্ল্যাটফর্ম।
দুই দিনের উৎসবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড ও সেবা সম্পর্কে জানার সুযোগ থাকবে। দর্শনার্থীরা ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।
উৎসবে অংশ নিচ্ছে দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ। এ ছাড়া সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।
উৎসবকে আরও প্রাণবন্ত করতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের ফ্যাশন শো, জালেওর কাওয়ালি পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
উৎসব উপলক্ষে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে বিশেষ ওয়েডিং-থিমড ডিনারের আয়োজন করা হয়েছে। এতে খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের জনপ্রিয় নানা পদ পরিবেশন করা হবে। পাশাপাশি নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, এমটিবি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটির হেড অব ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।
সংবাদ সম্মেলনে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো বলেন, ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে বিলাসিতা, আভিজাত্য, সৃজনশীলতা ও জীবনধারা এক ছাদের নিচে মিলিত হবে। দেশের শীর্ষ ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোকে একত্রিত করে অবিস্মরণীয় বিয়ের অনুপ্রেরণার জন্য একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন তৈরি করাই আমাদের লক্ষ্য।’
আয়োজকরা জানান, ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত। এতে অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না। ৩১ জুলাই ও ১ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসবে অংশ নিতে পারবেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সবাইকে এই উৎসবে অংশ নিয়ে বিশ্বমানের ওয়েডিং অভিজ্ঞতা, নান্দনিক আয়োজন এবং বিলাসবহুল আতিথেয়তার স্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছে।