লক্ষ্মীপুরে গামবুট-কটি-রেইনকোট পেলেন ১২০ পরিচ্ছন্নতা কর্মী
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুর পৌরসভার ১২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহমেদ।
সভাপতির বক্তব্যে সম্রাট খীসা বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা তাদের প্রাপ্য। বর্ষা মৌসুমে নিরাপদে দায়িত্ব পালন এবং কর্মস্পৃহা বাড়াতে তাদের মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে।