নতুন প্রজন্মের শিল্পীরা গাইবেন বাপ্পা মজুমদারের গান

নতুন প্রজন্মের শিল্পীরা গাইবেন বাপ্পা মজুমদারের গান

ছবি: সংগৃহীত

নব্বই দশকের সোনালী সংগীত অধ্যায়ের অন্যতম একজন বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে দীপ্ত পদচারণা শুরু হয় তাঁর। তিন দশকের বেশি সময় ধরে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

এবার এই গায়ককে সম্মান জানাতে ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শিরোনামে এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই বনানীর 'যাত্রাবিরতি'তে অনুষ্ঠিত হবে সংগীতসন্ধ্যাটি। অনুষ্ঠানে বাপ্পা নিজে গাইবেন না; বরং তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন জয় শাহরিয়ার, এলিটা করিম, ডি’রকস্টার শুভ, খৈয়াম সানু সন্ধি, কারিশমা সানু সভ্যতা, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা এবং সায়েমুল ইসলাম রিয়াদ।

আয়োজকদের ভাষ্য, বাংলা সংগীতে বাপ্পা মজুমদারের অবদান অনন্য। ‘পরী’, ‘ধুলোপড়া চিঠি’, ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’ ও ‘দিন বাড়ি যায়’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই আয়োজন।

অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। টিকিট ভেন্যু থেকে সংগ্রহ করা যাবে। তবে এর আগে নির্ধারিত অনলাইন লিংকে নিবন্ধন করতে হবে, যার তথ্য ‘যাত্রাবিরতি’ এবং অংশগ্রহণকারী শিল্পীদের ফেসবুক পেজে পাওয়া যাবে।