অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ছবি: সংগৃহীত

বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ ব্যক্তিগত এবং পেশাগত কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে এটি এখন শুধু মেসেজিং নয়, এর সঙ্গে বাড়ছে স্প্যাম, টেলিমার্কেটিং ও প্রতারণামূলক কলের সংখ্যাও। আর এই সমস্যা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে হোয়াটসঅ্যাপ এনেছে সাইলেন্স আননোন কলার্স ফিচার। এই ফিচারের মাধ্যমে অচেনা নম্বরের কল সাইলেন্ট হবে, তবে তা কল হিস্ট্রিতে সংরক্ষিত থাকবে এবং অ্যানড্রয়েড ও আইফোন উভয় প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।

ফিচারটি চালু করলে আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে কল আসলেও হোয়াটসঅ্যাপে রিং হবে না। অর্থাৎ অচেনা নম্বর থেকে কল আসবে কিন্তু কোনো কল নোটিফিকেশন আসবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই কলগুলো ডিলিট হবে না। কলস ট্যাব এবং নোটিফিকেশন সেকশনে সেগুলোর রেকর্ড থাকবে। প্রয়োজনে পরে সেই নম্বরে কলব্যাক করা যায়।

অ্যানড্রয়েডে এই ফিচার চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি ডটে ট্যাপ করে সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে তারপর কল অপশনে যেতে হবে। সেখানে সাইলেন্স আননোন কলার্স অপশন অন করতে হবে। 

আইফোনে এই ফিচার চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে একইভাবে সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে তারপর কল অপশনে যেতে হবে। এরপর সাইলেন্স আননোন কলার্স অপশনটি চালু করলেই এই ফিচার স্মার্টফোনে অন হয়ে যাবে।

এই ফিচার ব্যবহার করলে স্প্যাম কল, প্রতারণামূলক ফোন, টেলিমার্কেটিং কল, অচেনা আন্তর্জাতিক নম্বর এবং বারবার আসা কলের ঝামেলা অনেকটাই এড়ানো যাবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কল মিস হলেও পরে তা দেখে যোগাযোগ করা সম্ভব হবে। বর্তমানে স্প্যাম ও সাইবার প্রতারণামূলক কলের সংখ্যা বাড়ায় ব্যবহারকারীদের নিরাপত্তা ও ডেটাকে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের এই ফিচার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।