মাদক কারবারির বাড়ি থেকে পিস্তল গুলি উদ্ধার
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টার সময় উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে আবুল হোসেনের ছেলে সাকিব হোসেনের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক কারবারি সাকিব হোসেনের বাড়িতে অভিযান চালান হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক সাকিব হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।