আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

নিকোলাস ওটামেন্ডি

২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা উল্লেখ করে আগেই অবসরের আভাস দিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এর মধ্য দিয়ে তিনি ১৭ বছরের আন্তর্জাতিক অধ্যায়ে ইতি টানলেন। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা দুটি কোপা আমেরিকার টাইটেলও জিতেছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ৩৮ বছর বয়সী সেন্টারব্যাক ওটামেন্ডি খেলেছেন ১৩৯ ম্যাচ। স্পেনের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের দিনেও তিনি আলবিসেলেস্তেদের হয়ে নেমেছিলেন। এটাই জাতীয় দলে ওটামেন্ডির শেষ ম্যাচ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন তিনি।

ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। যদিও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তবে আমি মাথা উঁচু করেই এই জায়গা ছাড়ছি। এই দল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

‘ধন্যবাদ, আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে সুযোগ দেওয়ার জন্য’, আরও যোগ করেন ওটামেন্ডি। তবে এখনই পেশাদার ফুটবলকে বিদায় বলছেন না এই অভিজ্ঞ সেন্টারব্যাক। সম্প্রতি তিনি আর্জেন্টাইন জায়ান্ট ক্লাব রিভারপ্লেটে যোগ দিয়েছেন। এর আগে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকা কাটিয়েছেন ১৬ বছরের ইউরোপীয় ক্লাব অধ্যায়।