বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক রিফাত

বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক রিফাত

ফাইল ছবি

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমসিজেএ) ২০২৬-২৭ কার্যবর্ষের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিরর নিউজের ক্যাম্পাস প্রতিনিধি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণীর ক্যাম্পাস প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আযাদ আলাউদ্দিনের স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি হোসাইন সিপাহি (সময়ের কণ্ঠস্বর), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সামি (দৈনিক কীর্তনখোলা), সাংগঠনিক সম্পাদক মো. সজিব (দৈনিক আজকের পরিবর্তন), অর্থ সম্পাদক ইয়ামিন (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক রায়হানুল হক (দৈনিক দক্ষিণাঞ্চল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান ফরাজি (দৈনিক মতবাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সজল মাহমুদ (দৈনিক আমাদের সময়), আসাদুল ইসলাম আসাদ (দৈনিক আগামীর সময়) ও আবির শিকদার (দৈনিক বরিশালের আলো)।

সভাপতি তানজীল ইসলাম শুভ বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। 

সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রিফাত বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। ব্যক্তিগত প্রচারের জন্য নয়, বরং সত্য, ন্যায়, তথ্যনির্ভর সংবাদ ও শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠিত বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ২০১২ সাল পর্যন্ত সক্রিয় ছিল। এরপর দীর্ঘ ১৪ বছর নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি পুনরায় কার্যক্রম শুরু করেছে। উপদেষ্টা পরিষদ গঠনের পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে পথচলা শুরু করল।