দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা হবে: দুলু
সংগৃহীত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশের বাস্তবতায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারে দক্ষ, সৎ ও জনসেবায় নিবেদিত জনবল গড়ে তোলা হবে।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মহাখালীস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরের নবযোগদানকৃত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে।”
তিনি বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কাজ করছে। সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা, যা এ স্বচ্ছতারই একটি দৃষ্টান্ত।”
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন নবনিযুক্ত কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।