দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে : তথ্য প্রতিমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে : তথ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে খুবই ভালোবাসেন। তাই চলতি অর্থবছরে গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সুফল পাওয়া যাবে।

শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য শুমারি কার্যক্রম (গণনা) শুরু হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমানে তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন।