টিফিনের রুটিতে ব্লেড: টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি
সংগৃহীত ছবি
বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারণ অনুসন্ধানে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, কমিটির সদস্য উপজেলা মেডিকেল অফিসার সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, শংকর কুমার দাশ ও কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম নুরুল আলম মৃধা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কোকোলা ফুড প্রোডাক্ট খাবার তৈরি করেন। চলমান পদ্ধতিতে কোনোভাবে খাবারের ভেতরে এই ধরনের ধারালো ব্লেড যাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী উপজেলা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।