চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মোছা. লাইজু (৩৯) নামের এক নারী।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে এ ঘটনা ঘটে।

লাইজু ঢাকার কামরাঙ্গিরচর এলাকার মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার গ্রামের বাড়ি বরগুনা সদর থানায়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ ফোরকান ও লাইজুর মধ্যে কলহ চলছিল। শনিবার বিকেলে স্বামীর সঙ্গে অভিমান করে কামরাঙ্গীচরের বাসা থেকে বের হন লাইজু।

পরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে দৌলতদিয়া ঘাটগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে ওঠেন তিনি। ফেরিটি মাঝনদীতে পৌঁছাতেই হঠাৎ ফেরির উপর থেকে ঝাপিয়ে পড়ে পদ্মায় নিখোঁজ হন লাইজু। সঙ্গে সঙ্গে বিষয়টি ঘাট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিসি ও নৌ পুলিশকে জানানো হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ঘাট থেকে স্পিডবোট নিয়ে মাঝনদীত গিয়ে প্রবল স্রোতের মুখে উদ্ধার তৎপরতা চালায় নৌ পুলিশ। কিন্তু অনেক চেষ্টা করেও পদ্মায় নিখোঁজ লাইজু নামের ওই নারীর কোনো সন্ধান মেলেনি।