জার্মানিতে প্রাইড উৎসবে গাড়ি হামলায় নিহত ১, সন্দেহভাজন পলাতক
সংগৃহীত ছবি
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উদযাপন চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এই ঘটনাটি ঘটে।
ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে জার্মানিজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে এক চরমপন্থী ইসলামপন্থীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে একটি দ্রুতগামী সাদা রঙের ভ্যান বা মিনিবাস টিয়ারগার্টেন পার্কে উদযাপনে থাকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। একাধিক পথচারীকে আঘাত করার পর গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।
ফায়ার সার্ভিস জানায়, আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরপরই চালক গাড়িটি ফেলে রেখে পায়ে হেঁটে পালিয়ে যায়। বার্লিন পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছে। উক্ত ব্যক্তি আগে থেকেই বার্লিনের চরমপন্থী ইসলামপন্থী মহলের সদস্য হিসেবে পুলিশের তালিকায় তালিকাভুক্ত ছিলেন।
ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হয়েছিলেন, তবে এই ঘটনার পর উৎসবের স্থানজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউ ইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর বার্লিনে সমতা ও বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।