যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে রকি পর্বতমালা থেকে মিসিসিপি নদী পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ চলতি মাসের বাকি সময় উপসাগরীয় উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডগুলোতে ব্যাপক চাপ পড়ছে।
শনিবার (২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, মন্টানা থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। টেক্সাসের ডালাসে শনিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং অন্তত বুধবার পর্যন্ত এই মাত্রার ওপরেই থাকতে পারে।
তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনাতেও আরেকটি তাপপ্রবাহ আঘাত হেনেছে। সেখানে ফিনিক্স শহরের তাপমাত্রা শনিবার ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বব ওরাভেক বলেন, “এটি বেশ দীর্ঘস্থায়ী একটি পরিস্থিতি। এই সপ্তাহজুড়ে কোনো না কোনোভাবে এই অবস্থা বজায় থাকবে। প্রতিদিন কিছুটা পরিবর্তন হলেও মূলত মাসের শেষ পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।”
দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যে বিদ্যুতের চাহিদা হঠাৎ আকাশচুম্বী হয়ে উঠেছে। একদিকে তাপমাত্রা বাড়ায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) ব্যবহার বাড়ছে, অন্যদিকে উচ্চচাপ বলয়ের কারণে বাতাসের গতি কমে যাওয়ায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, রাতেও স্বাভাবিক তাপমাত্রা না কমার কারণে ঘরবাড়ি ও পরিবেশ প্রাকৃতিকভাবে ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না। এটি একদিকে যেমন বিদ্যুতের চাপ আরো বাড়াচ্ছে, অন্যদিকে মানুষ, গবাদিপশু এবং ফসলের জন্য মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি তৈরি করছে।