মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ২ যুবক নিহত

মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ২ যুবক নিহত

প্রতিকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) এবং বাড়ৈখালী এলাকার আইয়ুব মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)। মজনু নসিমনচালক এবং দুলাল চন্দ্র নসিমনের যাত্রী ছিলেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পরই বাসটি দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনায় নসিমন চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ পালিয়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটি আটকের চেষ্টা করছে। দুমড়ে-মুচড়ে যাওয়া নসিমনটি জব্দ করা হয়েছে।  

এদিকে নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।