খাগড়াছড়িতে যান্ত্রিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ শুরু
সংগৃহীত
কৃষির আধুনিকায়ন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে খাগড়াছড়ি সদরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে আমন ধানের চারা রোপণ শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
রবিবার কমলছড়ি এলাকায় পাঁচ একর জমিতে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, এলএসটিডি প্রকল্পের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়নের জন্য জমিতে বীজতলা তৈরির পরিবর্তে প্লাস্টিক ট্রে-তে ধানের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। পরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে যান্ত্রিকভাবে কৃষকের জমিতে চারা রোপণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ২০০ জন কিষান-কিষানিকে বীজ ও সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস। সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন।
উপকারভোগী কৃষক বাবলু চাকমা বলেন, ‘খরচ বাঁচিয়ে যান্ত্রিক প্রয়োগের মাধ্যমে চাষ করে আমরা লাভবান হতে পারব।’