মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ শিশুর মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩১ শিশু।

রবিবার (২৬ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য জানান। তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স নয় বছর। শিশুটির বাড়ি নেত্রকোণায় কলমাকান্দা উপজেলায়।

শিশুটি হামের পাশাপাশি ডিহাইড্রেশন হয়ে ছিল বলে জানান তিনি।

হামের উপসর্গ নিয়ে ৭৯ শিশু বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ হাজার ১৪ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ২ হাজার ৮৭০ শিশু বাড়ি ফিরে গেছেন।

চিকিৎসকরা জানান, হাম ছোঁয়াছে হওয়ায় নিয়ন্ত্রণে আসছে না। আর হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ শিশুর টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়ার বয়স হয়নি। তাছাড়া যেসকল শিশু অপুষ্টিতে ভুগছে, তাদের হামের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা গেছে।