খাবারের প্রলোভনে কিশোরীকে অপহরণের চেষ্টা, দুইজন আটক

খাবারের প্রলোভনে কিশোরীকে অপহরণের চেষ্টা, দুইজন আটক

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। 

রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুল জব্বার (৪৪) এবং নবাবগঞ্জ জেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে হাতেনাতে আটক করেন।

পরে জনতা আটক ব্যক্তিদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীটিকে অপহরণের উদ্দেশ্যেই এ চেষ্টা চালানো হয়েছিল।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।