রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পের কয়েক বিলিয়ন ডলারের বরাদ্দ বাতিল করেছে। গত ১৫ জুলাই আদালতে জমা দেওয়া এক আনুষ্ঠানিক নথিতে দেশটির জ্বালানি বিভাগ এই স্বীকারোক্তি দিয়েছে।
অনুদান বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক একটি যৌথ মামলা করেন। তাদের মূল অভিযোগ ছিল, যৌক্তিক কারণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে অনুদান বন্ধ করা হয়েছে। এই মামলার অংশ হিসেবেই জ্বালানি বিভাগ আদালতে স্বীকার করে, অনুদান বাতিলের সিদ্ধান্ত কোনো কাজের পারফরম্যান্স বা বাজেট কমানোর জন্য ছিল না; বরং এটি নেওয়া হয়েছিল কেবলমাত্র রাজ্যগুলোর রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে।
আদালতে জমা দেওয়া নথির ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত নির্বাচনে যেসব রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতেছিলেন এবং যেসব রাজ্যের দুজন সিনেটরই ডেমোক্র্যাট দলের; কেবল সেইসব রাজ্যের ২৮৪টি প্রকল্পের অনুদান বাতিল করা হয়েছে। বিপরীতে, রিপাবলিকানশাসিত রাজ্যগুলোর তহবিল বহাল রাখা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে এবং গত ফেব্রুয়ারিতেও ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলোতে ফেডারেল অর্থায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন।
এই ঘটনার তীব্র সমালোচনা করে সিনেটের মাইনোরিটি লিডার ও ডেমোক্র্যাট সদস্য চাক শুমার এক্সে লিখেছেন, ‘ট্রাম্প নিজেই স্বীকার করছেন যে তিনি কঠোর পরিশ্রমী পরিবারগুলোর ওপর আঘাত হানছেন, যাতে তিনি সেইসব আমেরিকানদের ওপর প্রতিশোধ নিতে পারেন, যারা তাকে ভোট দেয়নি। এটি অত্যন্ত অসুস্থ ও বিকৃত মানসিকতা। তার অহংকার এতটাই ঠুনকো যে, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এমন সব পরিবারকে শাস্তি দিচ্ছেন যারা দুবেলা অন্নসংস্থানের জন্য এমনিতেই সংগ্রাম করছে।
একই প্রসঙ্গে মেরিল্যান্ডের কংগ্রেস সদস্য জেমি রাস্কিন এক্সে লিখেছেন, এই গণ-দলীয় প্রতিশোধমূলক আচরণ অত্যন্ত জঘন্য, আপত্তিকর, বিপজ্জনক, বেআইনী, অসাংবিধানিক, দেশদ্রোহী এবং এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি মস্ত বড় অপরাধ। ট্রাম্প জানতেন বাইডেন আমলের এই অনুদানগুলো আমেরিকান জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল; আর সেই কারণেই তিনি রেড স্টেট (রিপাবলিকান-শাসিত)-গুলোর অনুদান কাটেননি। কিন্তু ব্লু স্টেটগুলোর (ডেমোক্র্যাট শাসিত) অনুদান কেটে দিয়েছেন।’
এছাড়াও কংগ্রেসের উভয় কক্ষের বাজেট বরাদ্দকারী কমিটির দুই ডেমোক্র্যাট সদস্য (ওহাইও-র রিপ্রেজেন্টেটিভ মার্সি ক্যাপ্টুর এবং ওয়াশিংটনের সিনেটর পটি মারে) এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আদালতে দেওয়া প্রশাসনের এই স্বীকারোক্তি সত্যিই বিস্ময়কর। প্রেসিডেন্ট ও তার দল কেবল রাজনৈতিক ভিন্নমতের কারণে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কর্মসংস্থান নষ্ট করছে এবং পরিশ্রমী পরিবারগুলোকে শাস্তি দিচ্ছে। ফেডারেল সরকারকে এভাবে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা পুরোপুরি আমেরিকা-বিরোধী কাজ।’