সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

‎বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাছুদুর রহমান হিরু মন্ডল।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ আমাদের প্রাণের দাবি। এখানে সেতু নির্মাণ করা হলে বগুড়া, জামালপুর ও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এতে যমুনার দুই পারের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ কমে আসবে। একই সাথে কৃষিপণ্যসহ ব্যবসা-বাণিজ্যের দ্রুত পরিবহন নিশ্চিত হবে। এ সময় তিনি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

‎মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন কুমার সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি ও ফরহাদ হোসেন প্রমুখ।

এসময় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরুসহ উপজেলার চরাঞ্চল ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।