ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
প্রতিকী ছবি
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৮ জন ডেঙ্গু রোগী।
রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১৭২ জন, বরিশাল বিভাগের ৯৯ জন, চট্টগ্রাম বিভাগের ৭৮ জন, খুলনা বিভাগের ৪৮ জন, ময়মনসিংহ বিভাগের ২৫ জন, রাজশাহী বিভাগের ২৬ জন এবং রংপুর বিভাগের ১০ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী।