‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান, অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার

‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান, অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার

প্রতিকি ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. শাহেদ (২১)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহেরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘বউয়ের জ্বালা’ হোটেল থেকে দুইজনকে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মহেশখালী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৫/২৭ ধারায় একটি মামলা (এফআইআর নং-৩৯, জিআর-২২৯/২৬) দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।