টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিয়ামুল হাসান নাহিদ (১৬) নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার ভোররাতে সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত নিয়ামুল হাসান নাহিদ গাজীপুর সিটি করপোরেশন ৫১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, টঙ্গীর সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান নাহিদ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ ছিল। থানায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।