ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করল ইরান
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে তেহরান বলেছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই এবং এমন কূটনীতি তাদের স্বভাববিরুদ্ধ।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো দ্বিপক্ষীয় আলোচনা চলছে না। বরং উল্টো ওয়াশিংটনই বারবার আলোচনার প্রস্তাব পাঠিয়েছে বলে দাবি করেছে তেহরান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে দুই দেশের মধ্যে বর্তমানে সক্রিয় আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয়।
এদিকে গত দুই দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং কোনো পক্ষের থেকেই নতুন করে হামলার খবর পাওয়া যায়নি। এই সামরিক বিরতির ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে এবং নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এবং এটি এখনো সব ধরনের চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক পদক্ষেপের পথ খোলা রেখেই কূটনীতিকে আপাতত কিছুটা সময় দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সামরিক অভিযান বর্তমানে স্থগিত রয়েছে এবং আঞ্চলিক মিত্ররাও এই বিরতির সময়ে কোনো নতুন ইরানি হামলার কথা জানায়নি।