লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত গ্রেফতার
ফাইল ছবি
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে তিন শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত মকবুল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লাকসাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মকবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ লাকসাম থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই সকালের দিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
যৌন নিপীড়নের শিকার এক শিশুর পিতা বলেন, ‘দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। ওসি ম্যাডাম গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসামি প্রভাবশালী হওয়ার পরও আমাদের মামলা নিয়েছেন এবং তাকে গ্রেফতার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের এলাকার বাসিন্দা দাবি করেন, মকবুল একটি মামলায় সৌদি আরবে কারাভোগ করে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেছিলেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘আসামিকে ধরতে লাগাতার অভিযান চালানো হয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ’