পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি
প্রতিকি ছবি
পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে পিকআপ ভ্যান নষ্ট হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে গরু চোর সন্দেহে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায়।
আটককৃতরা হলো: ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে স্বামী-স্ত্রী নিজেদের একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথিমধ্যে উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। গভীর রাতে দম্পতিকে সড়কের পাশে গাড়ি মেরামতের চেষ্টা করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন এসে তাদের গরু চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর শুরু করেন।
পরে ভোরের দিকে (আনুমানিক ভোর ৪টা) স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। একই সাথে তাদের ব্যবহৃত বিকল পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই দম্পতি কোনো চুরির ঘটনার সাথে যুক্ত নন। নিজেদের গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণেই তারা রাতে ওই এলাকায় আটকা পড়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের বিনুদ্ধে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।