ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টের জব্দকৃত বালুভর্তি ট্রলার লুট
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টের জব্দ করা বালুভর্তি ট্রলার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় ব্রক্ষ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ট্রলার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এবং এসিল্যান্ড সালাহউদ্দিন বিশ্বাস।
জানা যায়, জব্দকৃত বালু স্থানীয় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মানিকের জিম্মায় রেখে আসে প্রশাসন। পরে সন্ধ্যার দিকে সশস্ত্র বালুদস্যুরা ট্রলারটি লুট করে নিয়ে যায়।
জিম্মাদার আব্দুল ওয়াদুদ মানিক বলেন, সন্ধ্যায় সশস্ত্র বালুদস্যুরা ট্রলার লুট করে নিয়ে যায়। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, মোবাইল কোর্টে জব্দ করা ট্রলার লুটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।