গবেষণায় ৩৬ লাখ টাকার অনুদান দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

গবেষণায় ৩৬ লাখ টাকার অনুদান দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেসের উদ্যোগে ‘রিসার্চ প্রেজেন্টেশন ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জন রিসার্চ ফেলোর মধ্যে মোট ৩৬ লাখ টাকার গবেষণা অনুদান বিতরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেসের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) ‘রিসার্চ প্রেজেন্টেশন ডে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার, বোস সেন্টারের পরিচালক অধ্যাপক সাবিনা হোসেন এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. তানজিব আতিক খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “দেশকে এগিয়ে নিতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই।” তিনি সামাজিক চাহিদা বিবেচনায় রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “গবেষণার মাধ্যমে উদ্ভাবিত জ্ঞান দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, নিজেদের দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।” পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রম প্রণয়ন এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৮ জন রিসার্চ ফেলোর মধ্যে মোট ৩৬ লাখ টাকার গবেষণা অনুদান বিতরণ করা হয়।