হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি বিজিবি মোতায়েন
ছবিঃ সংগৃহীত।
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার দুপুর থেকে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দেয় এনসিপি। একই সময়ে ও একই স্থানে সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে।
একই স্থানে দুই পক্ষের এই অনড় অবস্থানকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের আশঙ্কায় প্রশাসন পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং ও পিকেটিং নিষিদ্ধ ঘোষণা করে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিশৃঙ্খলা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে।’
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ সংবাদকে বলেন, ‘শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’