রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ

রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ

সংগৃহীত ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি।

বুধবার বিকেলে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সংগঠনটির প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় সবুজায়ন কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করবেন।

এর আগে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (এমআরআরও)-এর আওতায় পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আশ্রয়শিবিরে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) এবং সহযোগী সংস্থাগুলোর সহায়তায় কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পপুলেশন মুভমেন্ট অপারেশন পরিচালনা করে আসছে। এছাড়া ১৯৯২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহযোগিতায় মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন বাস্তবায়ন করছে।