চট্টগ্রামে পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামে পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত ছবি

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। প্রশিক্ষক হিসেবে অংশ নেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পরামর্শক ডা. তানজিলা তাবিব চৌধুরী, জরুরি ও দুর্ঘটনা বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী চিকিৎসক সমবায় সমিতির সাবেক সভাপতি মাওলানা রফিকউল্লাহ এবং বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক নাসির। এছাড়া পল্লী চিকিৎসক রাশেদুল মনোয়ার, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ, মুহসিন, মুহিউদ্দিন, বাবলু, এরশাদ ও লিটন কুমার শর্মাসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম।

প্রশিক্ষণে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস), বুকে ব্যথার প্রাথমিক মূল্যায়ন, রক্ত পরিসঞ্চালনে সাধারণ ভুল ও প্রতিকার, সাধারণ রোগে ওষুধের যৌক্তিক ব্যবহার, হাত ধোয়ার গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রসিডিউর, অ্যাসেপটিক টেকনিক এবং প্রতিরোধমূলক ও ওষুধবহির্ভূত চিকিৎসা-পরামর্শ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় ও প্রাথমিক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়লে সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। এ ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান প্রশিক্ষক ডা. এটিএম রেজাউল করিম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

বিডি-প্রতিদিন/এআইএস