বান্দরবানে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু

বান্দরবানে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

 

বান্দরবানে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় এখন পর্যন্ত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও ১১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৯ জনে।

বুধবার(২৯ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রুমা উপজেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭। তারা হচ্ছে, ফ্রেলেএং খুমী (৫), শইফ্রা খুমী (৫), খ্রেপা খুমী(১১), পলিএং খুমী(৯), প্রেটেম এং খুমী(৬), কুপাও ম্রো (১৩) এবং পও এং খুমী (৭)।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, ২৯মার্চ থেকে এ পর্যন্ত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮০ জন, বান্দরবান সদর হাসপাতালে ২১৮ জন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জন, থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭১ জন, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৭ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন এবং রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবদুল্লাহ আল হাসান জানান, গেল দুই সপ্তাহে এ উপজেলায় হামে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১১০ জন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে কোনো রোগী মারা যায়নি।

তিনি জানান, হামে আক্রান্ত পাড়াগুলো দুর্গম জায়গায় হওয়ায় হাসপাতালে আনার পথেই আক্রান্ত শিশুরা মারা যান। হামে আক্রান্তদের মধ্যে খুমী এবং ম্রো জনজাতির সংখ্যাই বেশি।